দিনাজপুর-৩ (সদর) আসনে জাতীয় সংসদ নির্বাচনে দাখিল করা মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এক প্রার্থীর মনোনয়ন বাতিল এবং প্রয়াত বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মনোনয়ন স্থগিত করা হয়েছে।
শনিবার (৩ জানুয়ারি) বেলা ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ে দিনাজপুর-৩ আসনে দাখিল করা মোট ১০টি মনোনয়নপত্র যাচাই-বাছাই করেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক রফিকুল ইসলাম।
যাচাই-বাছাইয়ে বাংলাদেশ কমিউনিস্ট পার্টির (সিপিবি) প্রার্থী অমৃত কুমার রায়ের মনোনয়নপত্রে দলীয় প্রধানের স্বাক্ষর না থাকায় তা বাতিল ঘোষণা করা হয়।
এদিকে, বেগম খালেদা জিয়ার নামে দাখিলকৃত মনোনয়নপত্র গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর ১৪(৪) ধারা অনুযায়ী স্থগিত করা হয়েছে। সংশ্লিষ্ট আইনে মৃত ব্যক্তির মনোনয়ন গ্রহণযোগ্য নয়, এই বিধানের আলোকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
মনোনয়ন যাচাই শেষে দিনাজপুর-৩ আসনে বিএনপির প্রার্থী সৈয়দ জাহাঙ্গীর আলম, জাতীয় পার্টির আহমেদ শফী রুবেল, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মাইনুল আলমসহ মোট আটজন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।
এ বিষয়ে বিএনপি প্রার্থী সৈয়দ জাহাঙ্গীর আলম বলেন, ‘মনোনয়নপত্র বৈধ হওয়ায় আমরা সন্তুষ্ট। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাবে বলে তিনি আশা প্রকাশ করেন।’



সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন