সাতক্ষীরা শহরের সুলতানপুর বড় বাজার এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কৃষি বিভাগ বিপুল পরিমাণ নকল সার ও কাঁচামাল জব্দ করেছে।
রোববার (৪ জানুয়ারি) সন্ধ্যা থেকে রাত ৯টা পর্যন্ত প্রায় সাড়ে তিন ঘণ্টার অভিযানে ভেজাল সার তৈরির যন্ত্রপাতি, কাঁচামাল ও প্যাকেটজাত সার উদ্ধার করা হয়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করা হয় এবং দুইজনকে জরিমানা করা হয়েছে।
অভিযান পরিচালনাকারী সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. বদরুদ্দোজা জানান, গোপন সংবাদের ভিত্তিতে এবং একজন কৃষকের অভিযোগের প্রেক্ষিতে এ অভিযান পরিচালনা করা হয়। প্রায় তিন ঘণ্টার অভিযানে ভেজাল সার তৈরির সরঞ্জাম উদ্ধার করা সম্ভব হয়েছে। জব্দকৃত ভেজাল সারের পরিমাণ গণনা করা হচ্ছে এবং উদ্ধারকৃত মালামাল জব্দ তালিকা করে কৃষি অফিসারের জিম্মায় দেওয়া হবে।
তিনি আরও জানান, সার ব্যবস্থাপনা আইন অনুযায়ী অভিযুক্ত রবিউল ইসলামকে দেড় লাখ টাকা জরিমানা, অনাদায়ে দুই মাসের কারাদণ্ড এবং আশরাফুল ইসলামকে এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে এক মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে। জব্দকৃত মালামালের বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করবে কৃষি বিভাগ।
সাতক্ষীরা সদর উপজেলা কৃষি কর্মকর্তা মনির হোসেন বলেন, ভেজাল সার শুধু কৃষকের ক্ষতি করে না, বরং মানুষের খাদ্য নিরাপত্তার জন্যও হুমকি। আমরা চাই, দেশের প্রতিটি জেলায় মানসম্মত ও নিরাপদ সার সরবরাহ নিশ্চিত হোক। এই লক্ষ্যেই আমরা নিয়মিত অভিযান চালাচ্ছি।
অভিযুক্তদের একজন ক্যামেরার সামনে মন্তব্য করতে রাজি হননি। তিনি সামাজিক মর্যাদা ও সম্মানজনিত কারণে কোনো বক্তব্য দিতে চাননি।
ভেজাল সারের বিরুদ্ধে এই অভিযান কৃষি বিভাগ, প্রশাসন ও পুলিশ বিভাগের যৌথ উদ্যোগে পরিচালিত হয়েছে।
কৃষকরা আশা করছেন, ভবিষ্যতে এই ধরনের কার্যক্রম বন্ধ হবে এবং নিরাপদ সার সরবরাহ নিশ্চিত হবে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন