গাইবান্ধার গোবিন্দগঞ্জে ঢাকা-রংপুর মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে আরেক ট্রাকের ধাক্কায় ট্রাকচালক ও হেলপার (সহকারী) নিহত হয়েছেন।
সোমবার (৫ জানুয়ারি) রাত ৮টার দিকে উপজেলার ঢাকা-রংপুর মহাসড়কের গোপিনাথপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুজনের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি উপজেলার কোচাশহর ইউনিয়নের বুনোতলা গ্রামের চান মিয়া (৫৫)। নিহত অপর ব্যক্তির পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।
স্থানীয়রা জানান, গোপীনাথপুরে মহাসড়কের পাশে একটি পাথরবোঝাই ট্রাক দাঁড়িয়ে ছিল। এ সময় একটি বালুবাহী ট্রাক পেছন থেকে দাঁড়িয়ে থাকা ট্রাকটিকে সজোরে ধাক্কা দেয়। এতে বালুবাহী ট্রাকচালক ও সহকারী ঘটনাস্থলেই প্রাণ হারান।
এ বিষয়ে গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ওসি মোজাফফর হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা চলমান।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন