ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

চাঁদপুরে যাত্রীবাহী লঞ্চে অভিযান, ৭ টন জাটকা জব্দ

চাঁদপুর
প্রকাশিত: জানুয়ারি ৭, ২০২৬, ০৬:৫০ পিএম
৭ মেট্রিক টন জব্দ জাটকা। ছবি- রূপালী বাংলাদেশ

চাঁদপুরে মৎস্য বিভাগ ও কোস্টগার্ডের যৌথ অভিযানে বরিশাল থেকে ছেড়ে আসা ঢাকাগামী যাত্রীবাহী লঞ্চ এমভি কর্ণফুলি-১৫ থেকে ৭ হাজার কেজি (৭ মেট্রিক টন) জাটকা জব্দ করা হয়েছে।

বুধবার (৭ জানুয়ারি) সন্ধ্যায় অভিযানে অংশগ্রহণকারী সদর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমান এসব তথ্য নিশ্চিত করেন।

সদর উপজেলা মৎস্য বিভাগ সূত্রে জানা গেছে, মঙ্গলবার (৬ জানুয়ারি) সন্ধ্যা থেকে রাত ১১টা পর্যন্ত মেঘনা মোহনায় সদর উপজেলা মৎস্য বিভাগ ও কোস্টগার্ড গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। এ সময় ঢাকাগামী যাত্রীবাহী লঞ্চ এমভি কর্ণফুলি-১৫ থেকে প্রায় ৩০টি ড্রামভর্তি ৭ হাজার কেজি জাটকা জব্দ করা হয়। রাত ১২টায় জব্দকৃত জাটকা কোস্টগার্ড স্টেশনে আনা হয়।

সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মির্জা ওমর ফারুক বলেন, লঞ্চে অভিযান চলাকালে কেউ জাটকার মালিকানা দাবি না করায় কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দকৃত জাটকা সকাল ৬টা থেকে বেলা ১১টা পর্যন্ত কোস্টগার্ড চাঁদপুর স্টেশনে মাদ্রাসা, এতিমখানা, শিশু পরিবার, দৃষ্টি প্রতিবন্ধী, গরিব, অসহায় ও দুস্থদের মধ্যে বিতরণ করা হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।