কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সী বলেছেন, ‘আমার মনোনয়ন বাতিল হয়নি’। গণমাধ্যমে প্রচারিত মনোনয়ন বাতিল সংক্রান্ত খবর সঠিক নয় বলেও দাবি করেন তিনি।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাতে নিজের ব্যক্তিগত ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক ভিডিও বার্তায় এসব কথা বলেন বিএনপির এই প্রার্থী।
ভিডিও বার্তায় মঞ্জু মুন্সী বলেন, আমার মনোনয়নপত্র নিয়ে কোনো ধরনের জটিলতা হয়নি।
এ সময় ভিডিও বার্তায় তিনি তার ব্যক্তিগত আইনজীবী সাইফুল্লাহ মামুনকে ফোনে যুক্ত করেন। আইনজীবী মামুন বলেন, ব্যক্তি হিসেবে ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সী কোনো ঋণখেলাপি নন। তবে তার মালিকানাধীন একটি কোম্পানির ঋণসংক্রান্ত বিষয়ে আদালতে একটি আইনি জটিলতা তৈরি হয়েছিল। সে কারণে হাইকোর্টের দেওয়া আগের স্থগিতাদেশ (স্টে অর্ডার) চেম্বার আদালত সাময়িকভাবে বাতিল করেছেন। এর অর্থ এই নয় যে, মুন্সীর প্রার্থিতা বাতিল হয়ে গেছে।
আইনজীবী আরও জানান, আগামী রোববার (১১ জানুয়ারি) এ বিষয়ে আপিল করা হবে।
প্রসঙ্গত, গত ৮ ডিসেম্বর মাম পাওয়ার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মঞ্জুরুল আহসান মুন্সীর কোম্পানির বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানে থাকা ঋণসংক্রান্ত বিষয়ে হাইকোর্ট তিন মাসের জন্য খেলাপির তালিকা স্থগিত রাখার আদেশ দেন। বিচারপতি এ কে এম রবিউল হাসানের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ ওই আদেশ দেন। পরে প্রিমিয়ার ব্যাংক কর্তৃপক্ষ ওই আদেশের বিরুদ্ধে চেম্বার আদালতে আবেদন করলে বৃহস্পতিবার চেম্বার বিচারপতি মো. রেজাউল হক হাইকোর্টের দেওয়া স্থগিতাদেশ বাতিল করেন।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন