নারায়ণগঞ্জের কাঁচপুরে মেঘনা সেতুর ইউটার্নে পুলিশের একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা দিলে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
আহত পুলিশ সদস্যরা হলেন- উপপরিদর্শক (এসআই) আনজিল (৩১), কনস্টেবল ও গাড়িচালক মো. মাহমুদ (২৮) এবং কনস্টেবল মো. তসলিম (৪৪)। তসলিমের মাথায় গুরুতর আঘাত লেগেছে। অন্য দুজনের আঘাত তুলনামূলকভাবে হালকা।
আহতদের উদ্ধার করে প্রথমে রাজারবাগ পুলিশ লাইন হাসপাতাল নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য শুক্রবার ভোর সাড়ে ৪টার দিকে তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়। বর্তমানে তাঁরা চিকিৎসাধীন রয়েছেন।
কাঁচপুর হাইওয়ে থানার পরিদর্শক (ওসি) আব্দুল কাদের জিলানী জানান, রাতে কাঁচপুর মেঘনা সেতুর ইউটার্ন নেওয়ার সময় পুলিশের পিকআপ ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে ধাক্কা দেয়। এতে ভ্যানে থাকা তিন পুলিশ সদস্য আহত হন।
তিনি আরও জানান, এসআই আনজিল ও কনস্টেবল মাহমুদের মাথায় হালকা আঘাত লেগেছে। মাহমুদের জিহ্বাও কেটে গেছে। কনস্টেবল তসলিমের মাথায় গুরুতর আঘাত পাওয়া গেছে। তিনজনই ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন