স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, আসন্ন নির্বাচন নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই। ভোটাররা পরিবার-পরিজনসহ আনন্দমুখর পরিবেশে নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন বলে তিনি আশ্বাস দেন।
শনিবার (১০ জানুয়ারি) বেলা ১১টার দিকে সিলেটের দক্ষিণ সুরমার কদমতলী কেন্দ্রীয় বাস টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি বাস টার্মিনালের বিভিন্ন প্ল্যাটফর্ম ঘুরে দেখেন এবং সেখানে বিদ্যমান সমস্যা পর্যবেক্ষণ করেন।
উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, নির্বাচনের সময় লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা হয়েছে এবং তা কার্যকর থাকবে। সবকিছু মিলিয়ে এবারের নির্বাচন উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশেই অনুষ্ঠিত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
তিনি আরও বলেন, রক্তের বিনিময়ে অর্জিত জুলাই সনদের পক্ষে জনগণের মতামত ‘হ্যাঁ’ ভোটের মাধ্যমে প্রতিফলিত হবে। পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়া আরও শক্তিশালী হবে বলেও তিনি মন্তব্য করেন।
তার মতে, এই নির্বাচন বাংলাদেশের আগামী শত বছরের জন্য গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন