ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

মাদারীপুরে মাদ্রাসাছাত্রীর আত্মহত্যা

রাজৈর (মাদারীপুর) প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ১০, ২০২৬, ০৭:১৫ পিএম
ছবি- সংগৃহীত

মাদারীপুরের রাজৈর উপজেলায় মিথিলা আক্তার (১৬) নামের এক কিশোরী ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। উপজেলার ইতালির মোড় হাসানকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, গত শুক্রবার (৯ জানুয়ারি) জেলার ইশিবপুর ইউনিয়নের প্রবাসী অধ্যুষিত গ্রাম ইতালির মোড় হাসানকান্দির জালাল মাতুব্বরের মেয়ে মিথিলার সাথে এই ঘটনা ঘটে। মিথিলা মাদারীপুর সদর উপজেলার শ্রীনদী বাজার বাইতুল সুন্নাহ ক্যাডেট মাদ্রাসার হিফজ বিভাগের শিক্ষার্থী ছিল।

স্থানীয়দের দাবি, প্রতিবেশী সোহরাব মাতুব্বরের নাতি কুষ্টিয়ার বাসিন্দা আরবিনের সাথে মিথিলার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এক পর্যায়ে বিষয়টি এলাকায় জানাজানি হয়ে গেলে আরবিন মিথিলার কাছ থেকে সরে যায়। মূলত প্রেমের এই টানাপোড়েন ও ব্যর্থতা থেকেই মিথিলা আত্মহত্যার পথ বেছে নিয়েছে বলে স্থানীয়দের ধারণা।

মিথিলার মা মাকসুদা বেগম জানান, রাতে মিথিলা রাগ করে নিজের রুমে একা ঘুমানোর জন্য যায়। সকালে তাকে ডাকতে গিয়ে তিনি এই করুণ দৃশ্য দেখতে পান।

এ বিষয়ে রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. আমিনুল ইসলাম জানান, কিশোরীর মরদেহ উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়েরের প্রক্রিয়া চলছে এবং বিষয়টি নিয়ে তদন্ত অব্যাহত রয়েছে।