বান্দরবানের লামা উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে একটি দেশীয় তৈরি একনলা বন্দুকসহ ৫ বছরের সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাত ২টার দিকে লামা থানাধীন সদর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের শিলেরতোয়া চংবট মুরুংপাড়ার একটি এককক্ষবিশিষ্ট বসতঘর (মাচাংঘর) থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামির নাম কাইংপা মুরুং (৪৯)। তিনি লামা সদর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের চংবট মুরুংপাড়ার মৃত রাংলাই মুরুংয়ের ছেলে।
পুলিশ জানায়, লামা সার্কেলের সহকারী পুলিশ সুপার মাসুম সরদারের তত্ত্বাবধানে এবং লামা থানার ওসি মুহাম্মদ শাহজাহান কামালের নেতৃত্বে থানার এসআই নাছির উদ্দীনসহ সঙ্গীয় ফোর্স এ অভিযান পরিচালনা করে। অভিযানের সময় আসামির কাছ থেকে একটি দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র (একনলা বন্দুক) উদ্ধার করা হয়।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃত কাইংপা মুরুংয়ের বিরুদ্ধে লামা ও আলীকদম থানায় একাধিক মামলা রয়েছে। এর মধ্যে একটি মামলায় তার বিরুদ্ধে ৫ বছরের সশ্রম কারাদণ্ডের পরোয়ানাসহ নরমাল পরোয়ানা জারি ছিল।
এ বিষয়ে লামা থানার ওসি মুহাম্মদ শাহজাহান কামাল জানান, ‘উদ্ধারকৃত অস্ত্রের ঘটনায় আসামির বিরুদ্ধে অস্ত্র আইনে একটি নতুন মামলা রুজু করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিকে বিধি মোতাবেক আদালতে সোপর্দ করা হয়েছে।’



সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন