বাবা-মাসহ পরিবারের সঙ্গে নেত্রকোনার কলমাকান্দা উপজেলার সীমান্ত পাঁচগাঁও চন্দ্রডিঙা এলাকায় বেড়াতে যায় শিশু আফরোজ মোহাম্মদ আরকান (৬)। আর এই অবুঝ শিশু ভারতীয় সীমানা ছাড়াও উভয় দিকের পোশাকপড়া আইনশৃঙ্খলা বাহিনী দেখে দেশাত্বকবোধক গান ‘ইঞ্চি ইঞ্চি মাটি গেয়ে তাক লাগিয়ে দেয়। মুহুর্তেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়।
খোঁজ নিয়ে জানা গেছে, আরকানের বাড়ি ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার মুশুলী ইউনিয়নের নবীয়াবাদ গ্রামে। সে স্থানীয় হাফিজিয়া মাদ্রাসার প্রথম শ্রেণির ছাত্র। সে ছোটবেলা থেকেই সংগীত চর্চায় আগ্রহী। গত এক বছর ধরে নাশীদ (স্তবগান) শিল্পী হিসেবে সে নিয়মিত গান চর্চা করছে।
তার বাবা আকরাম হোসেন বলেন, গত সোমবার (১২ জানুয়ারি) ভোরে পরিবার নিয়ে কলমাকান্দার পাঁচগাঁও এলাকায় চন্দ্রডিঙা দেখতে গিয়েছিলেন। প্রবেশ নিষেধ থাকায় তারা পাঁচগাঁও বিজিবি টহল ক্যাম্পের সামনে কিছুক্ষণ অবস্থান করেন। এ সময় ছোট্ট আরকান দেশপ্রেমের গান গেয়ে সবাইকে মুগ্ধ করেন।
আকরাম হোসেন বলেন, আমার ছেলেকে ওই সময় গান গাইতে বলা হয়নি। নিজ থেকেই হঠাৎ বিজিপির সামনে গান গেয়ে বসে। এতে সে যে এত দ্রুত ভাইরাল হবে, তা কল্পনাও করিনি।
ভিডিওতে দেখা যায়, আরকান ভারতীয় সীমান্তের কোল ঘেঁষে দাঁড়িয়ে বিজিবি সদস্যদের উপস্থিতিতে বজ্রকণ্ঠে গানটি গাইছে। তার প্রতিটি লাইন থেকে ফুটে উঠছে দেশের প্রতি অটল ভালোবাসা ও দৃঢ় সংকল্প। পেছনে দাঁড়িয়ে থাকা বিজিবি সদস্যরাও শিশু শিল্পীর গান মনোযোগ দিয়ে শুনছেন।
নেটিজেনরা ভিডিওটি ব্যাপকভাবে শেয়ার ও প্রশংসা করেছেন। একজন মন্তব্য করেছেন, হাদী ভাই নিশ্চিন্তে থাকুন, আপনার উত্তরসূরীরা তৈরি হচ্ছে। এদেশে ভারতীয় আধিপত্যবাদ আর ফিরবে না।
আরকান দিশারী সাহিত্য সাংস্কৃতিক ফোরাম, কিশোরগঞ্জ থেকে সংগীত প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ করে সফলভাবে সনদ অর্জন করেছে। ফোরামের সভাপতি মুফতি শরীফ জামী ও পরিচালক মুফতি মাসুম জামী তার সাফল্য কামনা করেছেন।
নেটিজেনরা মনে করছেন, দেশের ছোট ছোট শিশুদের মধ্যে যদি এমন সাহসী দেশপ্রেম থাকে, তাহলে কোনো অপশক্তিই বাংলাদেশের সার্বভৌমত্বকে ক্ষুন্ন করতে পারবে না। আরকানের গাওয়া গান কেবল একটি সুর নয়। এটি দেশের ইঞ্চি ইঞ্চি মাটির প্রতি অটল ভালোবাসার প্রতীক, যা নান্দাইলসহ দেশের মানুষের হৃদয়ে প্রেরণা যুগাবে।



সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন