চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) তালিকাভুক্ত ৩৩০ জন দুষ্কৃতকারীকে চট্টগ্রাম মহানগরীতে প্রবেশ ও অবস্থানের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
শনিবার (১৭ জানুয়ারি) সিএমপির জারি করা এক গণবিজ্ঞপ্তিতে এ আদেশ দেন সিএমপি কমিশনার হাসিব আজিজ।
গণবিজ্ঞপ্তিতে বলা হয়, চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকায় শান্তি-শৃঙ্খলা রক্ষা এবং জনসাধারণের জানমাল নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ অধ্যাদেশ, ১৯৭৮-এর ৪০, ৪১ ও ৪৩ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আদেশ অনুযায়ী, সংযুক্ত তালিকায় উল্লেখিত ক্রমিক নম্বর ১ থেকে ৩৩০ পর্যন্ত দুষ্কৃতকারীদের চট্টগ্রাম মহানগর এলাকা থেকে বহিষ্কার করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাদের মহানগরীতে প্রবেশ ও অবস্থান সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকবে।
এ আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও গণবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
এদিকে, তালিকাভুক্ত অধিকাংশ ব্যক্তির বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজি, দুর্নীতি, মারামারি ও অস্ত্রবাজিসহ নানা ধরনের মামলা রয়েছে। এ ছাড়া তালিকায় সাবেক শিক্ষামন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান নওফেল, চট্টগ্রামের সাবেক মেয়র আ. জে. এম. নাছির উদ্দিন এবং রাউজানের সাবেক সংসদ সদস্য ফজলে করিম চৌধুরীর নামও রয়েছে।
তালিকাভুক্ত অনেকেই আওয়ামী লীগ, বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠনের সঙ্গে যুক্ত বলে জানা গেছে। তালিকাটি দেখতে এখানে ক্লিক করুন।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন