নওগাঁর বদলগাছীতে কৃষকের তিন শতাধিক ফলন্ত কলা গাছ কেটে নষ্ট করার অভিযোগ উঠেছে। সোমবার (১৯ জানুয়ারি) গভীর রাতে উপজেলার মথুরাপুর ইউনিয়নের রাঙ্গালঘাট গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর ক্ষতিগ্রস্ত কৃষক আব্দুল হাকিম থানায় লিখিত অভিযোগ করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে জমি ও কলা বাগান নিয়ে একই গ্রামের আব্দুল হাকিম ও টিটুর মধ্যে বিরোধ চলে আসছে। অভিযোগ সূত্রে, সোমবার রাতে টিটু পক্ষের লোকজন অন্ধকারের সুযোগ নিয়ে হাকিমের বাগানে ঢুকে প্রায় ৩০০ ফলন্ত কলা গাছ কেটে ফেলে। সকালে বাগানে গিয়ে গাছগুলো কাটা অবস্থায় দেখতে পায় কৃষক ও তার পরিবার।
ক্ষতিগ্রস্ত কৃষক আব্দুল হাকিম জানান, ‘এই বাগানটাই ছিল আমাদের সংসারের একমাত্র ভরসা। এখন সব শেষ হয়ে গেছে। প্রতিপক্ষ পরিকল্পিতভাবে আমাদের গাছগুলো নষ্ট করেছে।’
তিনি আরও জানান, গাছগুলো কাটা না হলে আগামী কয়েক সপ্তাহের মধ্যে বাজারে বিক্রি করতে পারতেন। এ ঘটনায় কয়েক লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন হাকিম।
স্থানীয়রা বলেন, ‘এটি শুধু গাছ কাটার ঘটনা নয়, এটি কৃষকের জীবিকার ওপর আঘাত। দোষীদের আইনের আওতায় আনা উচিত।’
ঘটনার বিষয়ে স্থানীয় বদলগাছী থানার ওসি লুৎফর রহমান নিশ্চিত করেছেন, ‘কৃষকের অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
এদিকে এই নাশকতার ঘটনা এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে। সচেতন মহল দ্রুত দোষীদের শনাক্ত ও দৃষ্টান্তমূলক বিচার দাবি করছে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন