খুলনায় এনসিপি জেলা শাখার সদস্য পরিচয় দিয়ে ২০ লাখ টাকা চাঁদা দাবি করার অভিযোগে তিন জনকে আটক করেছে পুলিশ।
সোমবার (১৯ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে সোনাডাঙ্গা থানার নেসার উদ্দিন সড়কের একটি বাড়িতে চাঁদা আদায়ের উদ্দেশ্যে গেলে স্থানীয়দের সহযোগিতায় পুলিশ তাদের আটক করে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
আটক ব্যক্তিরা হলেন, মেহেদী হাসান মিরাজ, আল নাঈম ও মিরাজ গাজী।
পুলিশের তথ্যমতে, মেহেদী হাসান মিরাজ নিজেকে এনসিপি খুলনা জেলা শাখার সদস্য হিসেবে পরিচয় দিয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, নেসার উদ্দিন সড়কের বাসিন্দা শাহনাজ পারভীনের বাবা এস এম শফিকুল ইসলাম সানা ক্যান্সারে আক্রান্ত। চিকিৎসার জন্য কয়েক দিন আগে তিনি কয়রা থেকে খুলনায় আসেন।
ঘটনার দিন দুপুরে তিন জন ওই বাড়িতে গিয়ে একজন নিজেকে এনসিপি নেতা পরিচয় দিয়ে দাবি করেন, সেখানে আওয়ামী লীগের এক নেতা আত্মগোপনে রয়েছেন। এরপর তারা শাহনাজ পারভীনের কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি করেন।
পরিস্থিতি আঁচ করতে পেরে শাহনাজ পারভীন কৌশলে সোনাডাঙ্গা থানা পুলিশকে বিষয়টি জানান। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে তিন জনকে আটক করে থানায় নিয়ে যায়।
সোনাডাঙ্গা থানার ওসি মো. রফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তিন জনকে আটক করে থানায় নিয়ে আসা হয়।
প্রাথমিকভাবে জানা গেছে, তারা চাঁদা দাবি করেছিলেন। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ভুক্তভোগীদের লিখিত অভিযোগ পেলে আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন