চট্টগ্রামের হাটহাজারীতে মো. হোসেন (৩০) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে মডেল থানা পুলিশ।
মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরের দিকে হাটহাজারী পৌরসভার ৩ নম্বর আজিমপাড়ায় মৌলানা আমিনের বাড়ির আইয়ুবের ভাড়া বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
আত্মহত্যাকারী হোসেন উপজেলার মেখল ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের হাজি আজিজুল হকের বাপের বাড়ি এলাকার আবদুল খালেকের পুত্র।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রবাস ফেরত নিহত হোসেনের বাড়ি মেখল ইউনিয়নে হলেও তিনি স্ত্রীকে নিয়ে গত তিন মাস ধরে আজিমপাড়া এলাকায় ভাড়া বাসায় বসবাস করছিলেন। ঘটনার দিন সকালে ভাড়া বাসার মালিক ভাড়ার জন্য ডাকতে গেলে ভেতর থেকে কোনো সাড়া না পেয়ে বাসার পেছনের জানালা দিয়ে উঁকি দেন। এ সময় কক্ষের সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় হোসেনকে দেখতে পান। তখন বাসায় অন্য কেউ উপস্থিত ছিলেন না।
পরে আশপাশের লোকজন জড়ো হয়ে জরুরি সেবা ৯৯৯-এ কল করলে হাটহাজারী মডেল থানা পুলিশ ঘটনাস্থলে এসে স্থানীয়দের সহায়তায় দরজা ভেঙে ঘরে প্রবেশ করে মরদেহ উদ্ধার করে।
মরদেহটি ফুলে গিয়ে দুর্গন্ধ ছড়িয়ে পড়ছিল। ঘটনাস্থলে থাকা মডেল থানার উপপরিদর্শক হাবিব সুরতহাল রিপোর্ট প্রস্তুত শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানান।
হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মো. তারেক আজিজ ঘটনাস্থল পরিদর্শন করেন।
মেখল ইউনিয়নের ইউপি সদস্য মামুন এবং ঘটনাস্থলে উপস্থিত সাবেক ইউপি সদস্য আবদুল কাইয়ুম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, স্বামী-স্ত্রীর মধ্যে মনোমালিন্য হলে কয়েক দিন আগে স্ত্রী রাগ করে বাবার বাড়ি চলে যান। এরপর হোসেন আত্মহত্যা করেন। ধারণা করা হচ্ছে, তিনি ২-৩ দিন আগে আত্মহত্যা করেছেন।



সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন