মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলায় বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় প্রসাধনী জব্দ করেছে শ্রীমঙ্গল থানা পুলিশ। সোমবার (১৯ জানুয়ারি) দিবাগত ভোররাত সাড়ে ৩টার দিকে উপজেলার হরিণছড়া চা-বাগান সড়ক থেকে প্রসাধনী পণ্যসহ একটি সিএনজি আটক করা হয়।
এ সময় বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় প্রসাধনী জব্দ করা হয়। জব্দকৃত পণ্যের মধ্যে তিনটি কার্টনে বিভিন্ন ব্র্যান্ডের ৫১টি ফেসিয়াল কিট এবং ৬৩০ পিস ফেসিয়াল ক্রিম রয়েছে। এসব কসমেটিকস পণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় সাড়ে তিন লাখ টাকা।
পুলিশ সূত্রে জানা গেছে, এ ঘটনায় সিএনজি চালককে বৈধ কাগজপত্র না থাকায় আটক করা হয়েছে। আটককৃত চালক শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখান ইউনিয়নের কুঞ্জবন এলাকার শাহিন আলমের ছেলে শিপন মিয়া (২০)।
শ্রীমঙ্গল থানার ওসি শেখ জহিরুল ইসলাম মুন্না মঙ্গলবার বিকেলে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃত আসামির বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন