নৌপরিবহন, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম. শাখাওয়াত হোসেন বলেছেন, দেশের ভবিষ্যৎ গড়তে এবং গণতান্ত্রিক পরিবেশ তৈরিতে হ্যাঁ ভোট দেওয়ার অধিকার দেশের জনগণের। যারা হ্যাঁ ভোটের বিরুদ্ধে প্রচার চালাচ্ছে, তারা এই দেশের রক্তের সঙ্গে বেইমানি করছে।
বুধবার (২১ জানুয়ারি) দুপুরে ঠাকুরগাঁও পৌর শহরের মির্জা রুহুল আমিন মিলনায়তনে গণভোট প্রচারবিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন।
উপদেষ্টা বলেন, গণঅভ্যুত্থানে এত মানুষের প্রাণ গেছে। শিক্ষার্থীদের হত্যা করা হয়েছে এবং তাদের মরদেহ পুড়িয়ে ফেলা হয়েছে। এমন বর্বরতা অন্য কোথাও হয়েছে কি না জানা নেই। আমরা চাই না, ক্ষমতায় আসা কেউ আবার এই ধরনের ঘটনা ঘটাক।
তিনি আরও উল্লেখ করেন, যারা ক্ষমতার অপব্যবহার করতে চাইবে, তারা ভোটের পক্ষে থাকতে পারবে না।
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বিষয়ে শাখাওয়াত হোসেন বলেন, অনেক মাফিয়া এখন আর নেই। গত রমজানে মূল্যবৃদ্ধির আশঙ্কা থাকলেও আমরা তা নিয়ন্ত্রণ করেছি।
উন্নয়ন পরিকল্পনা নিয়ে তিনি বলেন, উত্তরবঙ্গে কলকারখানা স্থাপন করা দরকার, কিন্তু ক্ষমতার সীমাবদ্ধতার কারণে কিছু প্রতিবন্ধকতা আছে। আমরা আগামী সরকারের জন্য সুপারিশ দেব যাতে দেশের সব জেলা-উপজেলায় সুষম উন্নয়ন হয় এবং কেউ পিছিয়ে না থাকে।
সভায় নৌপরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জেলা দেলোয়ারা বেগম, অতিরিক্ত জেলা প্রশাসক নাজমুল হক সুমনসহ সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং ঠাকুরগাঁও-১ আসনের বিভিন্ন এলাকার ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন