আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-২ (চৌগাছা–ঝিকরগাছা) আসনে আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) দলীয় প্রতীক ঈগল সংগ্রহ করেছেন দলের কেন্দ্রীয় সহকারী প্রচার সম্পাদক রিপন মাহমুদ।
বুধবার (২১ জানুয়ারি) যশোর জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসানের কার্যালয় থেকে তিনি আনুষ্ঠানিকভাবে প্রতীকটি গ্রহণ করেন।
প্রতীক সংগ্রহের পর প্রতিক্রিয়ায় রিপন মাহমুদ জানান, তিনি ২০১৮ সালের কোটা বিরোধী আন্দোলনে সিলেট বিভাগের নেতৃত্ব দিয়েছেন। পাশাপাশি নিরাপদ সড়ক আন্দোলন এবং ২০২৪ সালের গণঅভ্যুত্থানে স্বৈরাচারবিরোধী আন্দোলনে সক্রিয় নেতৃত্ব দিয়েছেন একটি বৈষম্যহীন রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে।
তিনি বলেন, চৌগাছা ও ঝিকরগাছা উপজেলার সাধারণ মানুষের নিত্যদিনের দুর্ভোগ দূর করাই তার রাজনীতির মূল উদ্দেশ্য। জনগণের সেবা ও সমস্যা সমাধানে গণমানুষের কণ্ঠস্বর হিসেবে কাজ করাই তার প্রধান অগ্রাধিকার।
রিপন মাহমুদ জানান, তিনি চৌগাছার স্থায়ী বাসিন্দা এবং ঝিকরগাছায় তার পৈত্রিক বাড়ি থাকায় দুই উপজেলার মানুষের সমস্যা তিনি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করার সুযোগ পেয়েছেন এবং সেগুলোর সমাধানে নিয়মিত কাজ করে যাচ্ছেন।
আগামী নির্বাচনে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হলে চৌগাছা ও ঝিকরগাছা উপজেলার মধ্যে উন্নয়ন ও সম্প্রীতির একটি কার্যকর সেতুবন্ধন গড়ে তুলতে চান।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন