চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের মাদামবিবি হাট এলাকায় পুরাতন জাহাজের মালামালের একটি মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত পাঁচটি দোকান সম্পূর্ণ পুড়ে গেছে।
বুধবার (২১ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে সোনারগাঁ পাম্পসংলগ্ন ওই মার্কেটে আগুন লাগে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, একটি দোকানে মেরামতের কাজের সময় ওয়েল্ডিং করার ফলে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে আশপাশের দোকানগুলোতে।
অগ্নিকাণ্ডে কামাল মার্কেটসহ অন্তত পাঁচটি দোকান সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে। প্রাথমিক ধারণা, এ ঘটনায় দেড় থেকে দুই কোটি টাকারও বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত দোকান মালিকরা হচ্ছেন- মো. নুরউদ্দিন, জাবেদ, সুমন ও ইব্রাহীম।
খবর পেয়ে কুমিরা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় রাত সাড়ে ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
কুমিরা ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা আল মামুন বলেন, অগ্নিকাণ্ডের সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে জানা যাবে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন