নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বরিশাল মহানগর শাখার সাবেক সভাপতি ও বরিশাল সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান জসিম উদ্দিন গ্রেপ্তারের প্রায় সাত মাস পর কারামুক্ত হলেও মাত্র পাঁচ মিনিটের মাথায় পুনরায় গ্রেপ্তার হয়েছেন।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সন্ধ্যা পৌনে ৭টার দিকে জামিন পেয়ে বরিশাল কেন্দ্রীয় কারাগার থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গেই জেলগেট থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। বর্তমানে তিনি বরিশাল কোতোয়ালি মডেল থানার পুলিশ হেফাজতে রয়েছেন।
এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার ওসি আল মামুন উল ইসলাম জানান, আসামি জসিম উদ্দিনকে একটি মামলায় মুক্তি পেলেও তার নামে আরও বেশে কয়েকটি মামলা রয়েছে। ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হবে।
এর আগে, গত বছরের ১৮ জুন বরিশাল নগরীর সাগরদী এলাকা থেকে জসিম উদ্দিনকে গ্রেপ্তার করা হয়। বিএনপির অফিসে অগ্নিসংযোগ এবং মহানগর বিএনপির আহ্বায়ক ও সদস্য সচিবসহ নেতাকর্মীদের হত্যা চেষ্টাসহ মোট ছয়টি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছিল।
ওইসব মামলায় দীর্ঘ প্রায় সাত মাস বরিশাল কেন্দ্রীয় কারাগারে হাজতি হিসেবে বন্দি ছিলেন জসিম উদ্দিন। বৃহস্পতিবার সর্বশেষ একটি মামলায় তিনি জামিন পান। তবে কারাগার থেকে বের হওয়ার পরপরই নতুন মামলায় তাকে পুনরায় গ্রেপ্তার করে পুলিশ।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন