জয়পুরহাটের পাঁচবিবিতে মেসি ট্রাক্টরের ধাক্কায় বুলবুল আহমেদ (২০) নামে এক যুবক নিহত হয়েছেন।
দুর্ঘটনাটি ঘটে শুক্রবার (২৩ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার আওলাই ইউনিয়নের পানিয়াল দক্ষিণপাড়া নুরুল মেকারের বাড়ির সামনে।
নিহত বুলবুল আহমেদ দিনাজপুরের মোকছেদ আলীর ছেলে। তার মায়ের দ্বিতীয় বিবাহের পর তিনি পানিয়াল গ্রামে মায়ের সঙ্গে থাকতেন।
নন্দীগ্রাম পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, বুলবুল বাড়ি থেকে সাইকেল নিয়ে বের হওয়ার সময় নুরুল মেকারের বাড়ির সামনে মোড়ে ছাতিনালী ইউপি সড়কে উঠার সঙ্গে সঙ্গে পাঁচবিবির দিকে আসা একটি ইটবোঝাই মেসি ট্রাক্টরের ধাক্কায় তিনি ঘটনাস্থলেই নিহত হন।
পুলিশ মেসি ট্রাক্টরটি আটক করেছে এবং নিহতের পরিবারের সঙ্গে যোগাযোগ করে তদন্ত শুরু করেছে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন