কক্সবাজারের টেকনাফে পৌরসভার ১ নম্বর ওয়ার্ড নাইট্যংপাড়া এলাকায় যৌথ বাহিনীর অভিযানে ৬ কোটি টাকার ক্রিস্টাল মেথ ও অস্ত্রসহ দুই জনকে আটক করা হয়েছে।
শনিবার (২৪ জানুয়ারি) সকালে নৌবাহিনীর টেকনাফ কন্টিনজেন্ট কমান্ডার এ তথ্য নিশ্চিত করেন।
নৌবাহিনীর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ কন্টিনজেন্ট কমান্ডারের নেতৃত্বে বাংলাদেশ নৌবাহিনীর একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মোহাম্মদ জুনায়েদ ওরফে মুন্না এবং তার সহযোগী রোহিঙ্গা হামিদুল্লাহকে আটক করা হয়।
পরবর্তী তল্লাশিতে ৬ কোটি টাকার ক্রিস্টাল মেথ, ১টি একনলা বন্দুক, ৪৭ রাউন্ড গুলি, ১২৬ পিস ইয়াবা, ২ সেট ওয়াকি-টকি এবং দেশীয় অস্ত্র জব্দ করা হয়। আটককৃত ও জব্দকৃত সামগ্রী টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।
বাংলাদেশ নৌবাহিনী উপকূলীয় এলাকায় নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মাদক, অস্ত্র চোরাচালান ও সন্ত্রাস দমনে দৃঢ় অবস্থান বজায় রেখেছে। দেশের আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন