বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এবং ফরিদপুর–২ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী শামা ওবায়েদ বলেছেন, বিএনপি প্রতিহিংসার রাজনীতি করে না; সবাইকে সঙ্গে নিয়ে উন্নয়নের রাজনীতিতে বিশ্বাস করে।
সোমবার (২৬ জানুয়ারি) রাত ৮টায় ফরিদপুরের সালথা উপজেলার রামকান্তপুর ইউনিয়নের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ড বিএনপির আয়োজনে সালথা সরকারি কলেজসংলগ্ন মাঠে এক নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শামা ওবায়েদ বলেন, আপনারা যদি ১২ তারিখ সারাদিন ধানের শীষে ভোট দেন, তাহলে আমি সংসদে যেতে পারব। সংসদে গিয়ে এই এলাকার উন্নয়নে কাজ করব এবং আপনাদের নিরাপত্তা নিশ্চিত করতে পারব, ইনশাআল্লাহ।
তিনি আরও বলেন, বিএনপির কাছে সব ধর্ম ও বর্ণের মানুষ নিরাপদ। বিএনপি সরকার গঠন করলে প্রতিটি পরিবারকে ফ্যামিলি কার্ড এবং কৃষকদের কৃষি কার্ড দেওয়া হবে।
নিজের পারিবারিক রাজনৈতিক ঐতিহ্যের কথা উল্লেখ করে তিনি বলেন, আমার বাবা বিএনপির সাবেক মহাসচিব কে এম ওবায়দুর রহমান কখনো অন্যায় ও দুর্নীতিকে প্রশ্রয় দেননি। তার সন্তান হিসেবে আমিও কোনো অন্যায়কারীর প্রশ্রয় দেব না।
সভায় সালথা উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি শাহিন মাতুব্বরের সভাপতিত্বে এবং যুবদল নেতা এনায়েত হোসেনের সঞ্চালনায় বক্তব্য দেন সালথা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আছাদ মাতুব্বর, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ছিদ্দিকুর রহমান তালুকদার, সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাবিবুর রহমান হাবিব, নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, ওলামা দলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক হাফেজ মো. মাসুম বিল্লাহসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা।
সভায় বিএনপি, যুবদল ও ছাত্রদলের বিপুলসংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন