খুলনার রূপসা উপজেলায় চিংড়ি মাছ ব্যবসায়ী মামুন অর রশিদ বাবু (৩৮) গুলিবিদ্ধ হয়েছেন। মঙ্গলবার (২৭ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার নৈহাটি ইউনিয়নের নিকলাপুর গ্রামে আইয়ুব মাস্টারের বাড়ি সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
আহত বাবু ‘বাবু অফিস’ নামে একটি ব্যবসায়িক প্রতিষ্ঠানের মাধ্যমে চিংড়ি মাছের এজেন্ট হিসেবে কাজ করতেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, তিনি রোজেকো ফিশ কোম্পানি থেকে রূপসা ঘাট এলাকায় ফেরার পথে নিকলাপুরের মিনা বাড়ি এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি করে দ্রুত পালিয়ে যায়। তার পিঠে একাধিক গুলির চিহ্ন দেখা যায়।
পরে স্থানীয় লোকজন তাকে দ্রুত উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করেন।
ঘটনার খবর পেয়ে কিসমত খুলনা পুলিশ ক্যাম্প থেকে পুলিশের একটি দল তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছায়। পরে প্রশাসনের বিভিন্ন ইউনিটের কর্মকর্তারাও ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, মামুন অর রশিদ বাবুর অবস্থা আশঙ্কাজনক এবং তিনি বর্তমানে চিকিৎসাধীন।
এ রিপোর্ট লেখা পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা দায়ের করা হয়নি বলে জানিয়েছে পুলিশ।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন