চট্টগ্রাম-১৩ আসনে (আনোয়ারা–কর্ণফুলী) তেমন কোনো নির্বাচনি আমেজ চোখে পড়ছে না। ভোটাররা জানিয়েছেন, প্রার্থীদের কিছু বক্তব্য ও কর্মকাণ্ড সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে।
বিএনপির প্রার্থী সরওয়ার জামান নিজাম সম্প্রতি প্রচারে ভোটারদের উদ্দেশে বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছেন। এর মধ্যে ভোট দিলে ‘মা-বোনদের জন্য ফ্যামিলি কার্ড’ দেওয়ার কথাও উল্লেখ করা হয়েছে, যা নিয়ে এলাকায় তর্ক ও আলোচনা তৈরি হয়েছে।
অন্যদিকে জামায়াতে ইসলামীর প্রার্থী অধ্যাপক মাহমুদুল হাসান চৌধুরী ভোট চাইতে গিয়ে ধর্মীয় অনুভূতি ব্যবহার করছেন এবং বিশেষ করে বয়স্ক ভোটারদের কাছে নানা আশা ও ভরসার কথাও তুলে ধরছেন। তার প্রচারের ধরন নিয়েও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যঙ্গাত্মক মন্তব্য দেখা যাচ্ছে।
এসব কর্মকাণ্ডের কারণে সাধারণ ভোটারদের মধ্যে আগ্রহের চেয়ে বিরক্তিই বেশি দেখা দিয়েছে। ভোটার মো. মারুফ বলেন, প্রার্থীদের কার্যকলাপ দেখে আমাদের হাসি পায়। সামাজিক যোগাযোগমাধ্যমে দেখলেই বোঝা যায়, মানুষ কীভাবে বিষয়গুলো নিচ্ছে। আমার বয়সের পুরোটা সময় দেখেছি, নির্বাচনের আগে প্রার্থীরা ঘরে ঘরে যান, নানা আশ্বাস দেন। কিন্তু নির্বাচন শেষ হলে আর খুঁজে পাওয়া যায় না। এবার আমি যোগ্য ও এলাকার মানুষের সেবায় নিয়োজিত কাউকে ভোট দিতে চাই। এখন পর্যন্ত তেমন কোনো প্রার্থী চোখে পড়েনি, তাই হতাশ। এ কারণেই ভোট দিতে যাব কি না, সেটাও ভাবছি। আগের মতো নির্বাচনি উৎসাহ এখন আর নেই।
স্থানীয়দের মতে, কার্যকর ও বিশ্বাসযোগ্য কর্মসূচির অভাবই চট্টগ্রাম-১৩ আসনে নির্বাচনি আমেজ কম থাকার অন্যতম কারণ।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন