মুন্সীগঞ্জ-৩ (সদর-গজারিয়া) আসনে বিএনপিদলীয় প্রার্থী মো. কামরুজ্জামান রতনের পক্ষে ধানের শীষ প্রতীকে প্রচার চালিয়েছেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন।
গতকাল বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুর ১টার দিকে শহরের মানিকপুর এলাকায় লিফলেট নিয়ে ধানের শীষ প্রতীকে গণসংযোগ করেন তিনি। বেলা আড়াইটার দিকে তিনি সদর উপজেলার পুরোহিতপাড়া গ্রামে যান। এ সময় তিনি ভোটারদের উদ্দেশে বলেন, ‘আশা করি, এবার মানুষ স্বতঃস্ফূর্তভাবে কেন্দ্রে উপস্থিত হয়ে ভোট দেবে।’
বিকেলে সাড়ে ৪টার দিকে তিনি মুন্সীগঞ্জ পৌরসভার কাটাখালী এলাকায় প্রচার চালান। এ সময় বিএনপির প্রার্থী কামরুজ্জামান রতন, জেলা যুবদলের সাবেক সভাপতি সুলতান আহমেদ, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জাহিদুর রহমান জামালসহ দলীয় নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

