চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া বাইপাসে বেপরোয়া গতির বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী বাংলাদেশ নৌবাহিনীর এক কর্মকর্তা নিহত হয়েছেন। এ ঘটনায় আরেক নৌবাহিনী সদস্য গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।
শুক্রবার (৩০ জানুয়ারি) সকাল ৯টার দিকে পটিয়া বাইপাস সড়কের গাজীবাড়ি গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত কর্মকর্তার নাম নাজমুস সাকিব (৩৮)। তিনি বাংলাদেশ নৌবাহিনীর কর্মকর্তা হিসেবে চট্টগ্রামের পতেঙ্গা নৌঘাঁটিতে কর্মরত ছিলেন। আহত নাবিকের নাম মো. ইকরাম। তার অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।
হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ছুটির দিনে মোটরসাইকেলে করে পতেঙ্গা থেকে কক্সবাজারের উদ্দেশে যাচ্ছিলেন নাজমুস সাকিব ও মো. ইকরাম। সকাল ৯টার দিকে গাজীবাড়ি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা হানিফ পরিবহনের একটি বাস বেপরোয়া গতিতে তাদের মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে তারা দুজনই সড়কে ছিটকে পড়েন। ঘটনাস্থলেই নাজমুস সাকিবের মৃত্যু হয়।
গুরুতর আহত অবস্থায় নাবিক মো. ইকরামকে উদ্ধার করে স্থানীয়রা দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসকরা জানিয়েছেন, তার অবস্থা আশঙ্কাজনক।
স্থানীয়দের অভিযোগ, পটিয়া বাইপাস সড়কে যানবাহনের অতিরিক্ত গতির কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। দুর্ঘটনা রোধে কার্যকর ব্যবস্থা না থাকায় তারা ক্ষোভ প্রকাশ করেন।
পটিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ওসি হারুনুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বাসের ধাক্কায় ঘটনাস্থলেই নৌবাহিনীর কর্মকর্তা নিহত হয়েছেন। আহত নাবিককে আশঙ্কাজনক অবস্থায় চমেক হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি আরও জানান, দুর্ঘটনার পর বাসটি নিয়ে চালক পালিয়ে গেছে। বাসটি শনাক্ত ও চালককে আটক করার চেষ্টা চলছে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন