বগুড়ার ধুনট উপজেলার তরুণ আলোকচিত্রী ও ধুনট উপজেলা প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য এস এম আরিফুল আমিন। তিনি প্লাবন আমিন নামে অধিক পরিচিত। প্রকৌশল বিশ্ববিদ্যালয় পড়ালেখা করলেও অর্ধযুগ ধরে আলোকচিত্রী হিসেবে কাজ করছেন। করোনা মহামারিসহ জুলাই গণঅভ্যুত্থান ও দেশের চলমান নানা ইস্যুতে ছবি তুলে বেশ প্রশংসিত হয়েছেন। ইতোপূর্বে তার তোলা দৃষ্টিনন্দন ছবি দেশ-বিদেশের বিভিন্ন গণমাধ্যমে বহুবার প্রকাশিত হয়েছে। তার আলোকচিত্রী প্রকাশের ধারাবাহিকতায় তার সাফল্যের সাথে যুক্ত হলো আরও এক কৃতিত্ব। সম্প্রতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের দিনে তোলা তার একটি ছবি যেমন আলোচিত হয়েছে, তেমনই সেই ছবি প্রকাশিত হলো যুক্তরাষ্ট্রের প্রভাবশালী গণমাধ্যম টাইম ম্যাগাজিনে।
এস এম আরিফুল আমিন বলেন, আমি প্রকৌশলী বিশ্ববিদ্যালয় থেকে লেখাপড়া করলেও ছবি তোলার প্রতি আমার এক ধরনের বিশেষ অনুভূতি কাজ করত। অনুভূতি থেকেই আমি প্রকৃতি, পরিবেশ, গ্রামীণ জীবনযাত্রাসহ দেশের চলমান বিভিন্ন প্রেক্ষাপটের চিত্র ক্যামেরায় ধারণ করা শুরু করি। আমার তোলা ছবি দেশের বিভিন্ন পত্রিকায় প্রকাশের পর থেকে ছবি তোলার প্রতি আমার আগ্রহ অনেক বেড়ে যায়। বর্তমানে আমি একটি গণমাধ্যমে কর্মরত।

সম্প্রতি আমার বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের দিনে তোলা একটি ছবি যুক্তরাষ্ট্রের প্রভাবশালী গণমাধ্যম টাইম ম্যাগাজিনে প্রকাশিত হয়েছে। ছবি প্রকাশের পর থেকে আমাকে অনেকেই অভিনন্দন জানিয়েছে। আমি সকলের প্রতি কৃতজ্ঞ।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন