বাংলাদেশ ও ভারতীয় কোস্টগার্ডের তত্ত্বাবধানে দুই দেশের আটক জেলেদের বন্দিবিনিময় চুক্তি অনুযায়ী ১৫১ জেলে ছাড়া পেয়েছে। এর মধ্যে বাংলাদেশের ১২৮ ও ভারতের ২৩ জেলে রয়েছেন।
সংস্থাটির সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট সিয়াম-উল-হক জানান, বাংলাদেশ-ভারত আন্তর্জাতিক সমুদ্র সীমারেখাসংলগ্ন বাংলাদেশ জলসীমার মধ্যে অবৈধভাবে মৎস্য আহরণরত অবস্থায় বাংলাদেশ নৌবাহিনী গত ১৮ ও ২৩ অক্টোবর দুটি ভারতীয় ফিশিং বোটসহ ২৩ জেলেকে আটক করে।
অপরদিকে গত বছরের ১৬, ১৭, ১৯ ও ৩০ নভেম্বর ভারতীয় জলসীমায় মৎস্য আহরণের অভিযোগে পাঁচটি বাংলাদেশি ফিশিং বোটসহ ১২৮ জেলেকে আটক করে ভারতীয় কোস্টগার্ড। এরপর পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে দ্বিপক্ষীয় সমঝোতার মাধ্যমে আটক থাকা জেলেদের বন্দিবিনিময়ের সিদ্ধান্ত গৃহীত হয়।
সিদ্ধান্ত অনুযায়ী গত ২৯ জানুয়ারি বাংলাদেশ কোস্টগার্ডের তত্ত্বাবধানে বাংলাদেশ-ভারত আন্তর্জাতিক মেরিটাইম বাউন্ডারি লাইন (IMBL)-এ বাংলাদেশে আটক থাকা ২৩ ভারতীয় জেলেকে দুটি ফিশিং বোটসহ ভারতীয় কোস্টগার্ডের কাছে হস্তান্তর করা হয়। একই সঙ্গে ভারতে আটক থাকা ১২৮ বাংলাদেশি জেলেসহ পাঁচটি ফিশিং বোট বাংলাদেশ কোস্টগার্ড গ্রহণ করে।
লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বলেন, ছাড়া পাওয়া বাংলাদেশি জেলেদের শুক্রবার (৩০ জানুয়ারি) দুপুরে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন