টাঙ্গাইলের ঘাটাইলে ১১ দলীয় ঐক্যজোটের উদ্যোগে একটি পথসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩১ জানুয়ারি) রাত ৯টায় ঘাটাইল সরকারি গণ পাইলট উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, ২৪-এর গণঅভ্যুত্থানের শহীদদের আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে আজ জাতীয় পর্যায়ে ১১ দলীয় জোটের সৃষ্টি হয়েছে। শহীদ ওসমান হাদীর হত্যার বিচার নিশ্চিত করার অঙ্গীকার নিয়েই আমরা নির্বাচনি ইশতেহার ঘোষণা করেছি। পাশাপাশি শাপলাচত্তর গণহত্যা ও বিডিআর গণহত্যার বিচার এ দেশেই সম্পন্ন করা হবে, ইনশাআল্লাহ।
তিনি আরও বলেন, আমাদের ইশতেহারে বলা হয়েছে সামরিক বাহিনীর মতো বেসামরিক পর্যায়ে তরুণ প্রজন্মকে প্রশিক্ষণের মাধ্যমে গড়ে তুলে আমরা নিজেদের আরও শক্তিশালী করব।
তিনি বলেন, নির্বাচনকে কেন্দ্র করে ঢাকাসহ বিভিন্ন স্থানে নগদ টাকা বিতরণ করা হচ্ছে। এই টাকার বিনিময়ে যদি আপনারা নিজেদের বিক্রি করেন, তাহলে ভবিষ্যতে আপনারা স্বামী ও সন্তানদের হারাবেন।
একটি রাজনৈতিক দল কৃষকদের ঋণ মওকুফের কথা বলছে, কৃষক কার্ড দেওয়ার আশ্বাস দিচ্ছে এবং নানা ধরনের প্রলোভন দেখাচ্ছে বলেও তিনি অভিযোগ করেন।
এনপিপির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ঘাটাইলবাসীকে গণভোটে ‘হ্যাঁ’ এবং শাপলা কলি প্রতীকে ভোট দিয়ে একটি সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান জানান।
এ সময় আরও বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী টাঙ্গাইল জেলা শাখার সহকারী সেক্রেটারি জেনারেল অধ্যক্ষ হোসনি মোবারক বাবুল, ১১ দলীয় ঐক্যজোট মনোনীত প্রার্থী সাইফুল্লাহ হায়দারসহ জোটের অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন