বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল বলেছেন, রাজনীতিতে অস্ত্রের খেলা খেললে বেশিদিন টিকে থাকা যায় না। মাঠের খেলা খেলতে হয়। মাঠের খেলা খেললে পালিয়ে যেতে হয় না। অস্ত্রের খেলা খেললে বোরকা পরে পালিয়ে যেতে হয়। এ কারণে আপনারাও পালিয়েছেন, আপনাদের নেত্রীও পালাতে বাধ্য হয়েছেন।
শুক্রবার (০৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় মুন্সীগঞ্জ সদর উপজেলার রামপাল উচ্চ বিদ্যালয় মাঠে সদরের রামপাল, মহাকালী ও বজ্রযোগিনী ইউনিয়ন বিএনপি আয়োজিত মুন্সীগঞ্জ-৩ (সদর-গজারিয়া) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ও কেন্দ্রীয় কমিটির সমাজকল্যাণবিষয়ক সম্পাদক মো. কামরুজ্জামান রতনের নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, নারায়ণগঞ্জে একজন নেতা ছিলেন। তার নাম শামীম ওসমান। তিনি কথায় কথায় বলতেন, খেলা হবে। বলার সময় তিনি বোরকা সঙ্গে নিয়েই কথা বলতেন। এখন তিনি পালিয়ে গেছেন। তার নেত্রীও পালিয়ে গেছেন।
তিনি আরও বলেন, কামরুজ্জামান রতন এমপি নির্বাচিত হলে আগামী এক বছরে মুন্সীগঞ্জের যত সমস্যা আছে তা তিনি সমাধান করবেন। তখন ৫ বছর পর আর জনগণের কাছে ভোট চাইতে যেতে হবে না। কারণ উন্নয়ন কর্মকাণ্ডই তাকে আবার নির্বাচিত করবে।
জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য শিল্পপতি মোশারফ হোসেন পুস্তির সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মুন্সীগঞ্জ-৩ আসনের বিএনপি দলীয় প্রার্থী মো. কামরুজ্জামান রতন, জেলা বিএনপির সদস্য সাবেক পৌর মেয়র এ কে ইরাদত মানু, শহীদুল ইসলাম কমিশনার, মীরকাদিম পৌরসভা বিএনপির সভাপতি জসিম উদ্দিন প্রমুখ।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন