কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ফরিদপুর-২ আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী শামা ওবায়েদ বলেছেন, আপনাদের সাথে আমার নির্বাচনের সম্পর্ক না। আপনাদের সাথে আমার মাটির সম্পর্ক, হৃদয়ের ও আত্মার সম্পর্ক। কারণ নির্বাচন ও রাজনীতি দিয়ে এই সম্পর্কের হিসাব করা যায় না। নির্বাচন ১২ তারিখে শেষ হয়ে যাবে। নির্বাচনের পরে ১৩, ১৪, ১৫ ও ১৬ তারিখে আপনাদের সাথে আমার দেখা হবে। আমি ১৭ বছর ধরে চেষ্টা করছি আপনাদের পাশে থাকার। আল্লাহ বিচার করবে আপনারা বিচার করবেন আমি ছিলাম কি ছিলাম না। এই নির্বাচনের আমাকে বিজয়ী হওয়ার সুযোগ থেকে আমাকে দয়া করে বঞ্চিত করবেন না। আমাকে একটা সুযোগ দেবেন যাতে করে আমি আপনাদের পাশে থেকে সালথা উপজেলাকে একটি মডেল উপজেলা হিসেবে গড়তে পারি।
শুক্রবার (০৬ ফেব্রুয়ারি) বিকালে ফরিদপুরের সালথা উপজেলার বল্লভদী ইউনিয়নের বাউষখালী বাজারসংলগ্ন মাঠে ইউনিয়ন বিএনপি কর্তৃক আয়োজিত ধানের শীষের নির্বাচনি আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শামা ওবায়েদ বলেন, আপনাদের মেয়ে ও বোন হিসেবে বিপদে আপদে সব সময় আপনাদের পাশে থাকতে চাই। আমার বাবা বিএনপির সাবেক মহাসচিব কে এম ওবায়দুর রহমান চলে গেছেন। তার অবর্তমানে উনার অসম্পন্ন কাজগুলো আমি করে যেতে পারি সেই সুযোগ আমাকে দেবেন। আমার বাবা সব সময় ন্যায় ও সত্যের পথে চলছে। কখনো মিথ্যার সাথে আপস করে নাই। এর জন্য তার বিরুদ্ধে অনেক যড়যন্ত্র হয়েছে। কিন্তু জীবনেও সে কখনো মিথ্যার সাথে আপস করে নাই। ওনার সন্তান হিসেবে আমি আপনাদের একটা কথা দিতে পারি আমি আপনাদের সাথে আছি এবং আজীবন থাকব। আপনারা যদি সত্যের পথে ও ন্যায়ের পথে থাকেন আপনাদের জন্য আমি আমৃত্যু কাজ করে যাব ইনশাআল্লাহ।
বল্লভদী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মাস্টার মজিবুর রহমানের সভাপতিত্বে ও মেজর (অব.) শাহ্ আলমের সার্বিক তত্ত্বাবধানে এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি শাহিন মাতুব্বর, মুকসুদপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মিজানুর রহমান লিপু মিয়া, সারথা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ওহিদুজ্জামান মোল্যা, বিএনপি নেতা মিজানুর রহমান মিজান, ইমদাদ ফকির, যুবদল নেতা তৈয়বুর রহমান মাসুদ, মো. জসিম মোল্যা, লিটন মাতুব্বার, ফরিদপুর জেলা পূজা উদযাপন ফ্রন্টের আহবায়ক অজয় করসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন