গাজীপুর মহানগর ও কাশিমপুর থানার জাতীয় পার্টি এবং এর অঙ্গসংগঠনের দেড় শতাধিক নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেছেন। এ উপলক্ষে গাজীপুর মহানগর বিএনপির উদ্যোগে এক আলোচনা সভার আয়োজন করা হয়, যেখানে নতুন যোগদানকারীদের আনুষ্ঠানিকভাবে দলে স্বাগত জানানো হয়।
শনিবার (৭ ফেব্রুয়ারি) সকাল ১০টায় আয়োজিত অনুষ্ঠানে নবযোগদানকারী নেতাকর্মীরা গাজীপুর মহানগর বিএনপির সভাপতি জননেতা শওকত হোসেন সরকারের হাতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বিএনপিতে যোগ দেন।
অনুষ্ঠানে উপস্থিত নেতৃবৃন্দ নতুন সদস্যদের দলে যোগদানকে সংগঠনের জন্য গুরুত্বপূর্ণ সংযোজন হিসেবে অভিহিত করেন।
জানা যায়, গাজীপুর মহানগর জাতীয় পার্টির সিনিয়র সহসভাপতি ফারুক খান এবং কাশিমপুর থানার জাতীয় পার্টির সভাপতি রুহুল আমিন দেওয়ানের নেতৃত্বে বিপুল সংখ্যক নেতাকর্মী বিএনপিতে যোগ দেন। তাদের সঙ্গে বিভিন্ন পর্যায়ের তৃণমূল কর্মীরাও নতুন রাজনৈতিক যাত্রা শুরু করেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
তারা আরও জানান, জনগণের প্রত্যাশা পূরণ এবং রাজনৈতিক স্থিতিশীলতা প্রতিষ্ঠার জন্য দলীয় ঐক্য ও সাংগঠনিক শক্তি বৃদ্ধি করা অত্যন্ত জরুরি।
এ সময় গাজীপুর মহানগর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ দলীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা নতুন সদস্যদের অভিনন্দন জানিয়ে সংগঠনকে আগামী দিনে আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন।

-20260207161406.webp)
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন