বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিসি)-এর নিজস্ব অর্থায়ন ও ব্যবস্থাপনায় নির্মিত আধুনিক দুটি এসি বাসের উদ্বোধন করা হয়েছে। শনিবার (৭ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় গাজীপুরের সমন্বিত কেন্দ্রীয় মেরামত কারখানায় আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী শেখ মইনউদ্দিন।
উদ্বোধনী বক্তব্যে শেখ মইনউদ্দিন বলেন, বিআরটিসির নিজস্ব কারখানায় নির্মিত এই দুটি আধুনিক এসি বাসের উদ্বোধন কেবল নতুন বাস সংযোজন নয়—এটি আমাদের সক্ষমতার প্রতীক। এই সক্ষমতা আমাদের জন্য গর্বের ও অহঙ্কারের। দেশের সড়ক ব্যবস্থাপনায় বিদ্যমান বিশৃঙ্খলা কাটিয়ে উঠতে সক্ষমতা বৃদ্ধি ও শৃঙ্খলা প্রতিষ্ঠা জরুরি। এক্ষেত্রে বিআরটিসিকে অগ্রণী ভূমিকা রাখতে হবে। ভবিষ্যতে নিজেদের বহরের পাশাপাশি বাইরের গাড়িও সংযোজনের সক্ষমতা অর্জনের ওপর গুরুত্ব দেন তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক। তিনি বলেন, বিআরটিসির নিজস্ব কারখানায় এই দুটি এসি বাস নির্মাণ শুধু সূচনা মাত্র। সংস্থাটির সম্প্রসারণের সুযোগ অনেক। আমরা চাই বিআরটিসি আরও সামনের দিকে এগিয়ে যাক। এটি নতুন যুগের সূচনা।
সভাপতির বক্তব্যে বিআরটিসি চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা বলেন, বিআরটিসি শুধু একটি পরিবহন সংস্থা নয়, এটি একটি পূর্ণাঙ্গ রাষ্ট্রীয় সেবা প্রতিষ্ঠান। গণপরিবহন পরিচালনার পাশাপাশি প্রশিক্ষণ অবকাঠামো, কারিগরি প্রতিষ্ঠান ও ওয়ার্কশপের মাধ্যমে একটি সমন্বিত পরিবহন ব্যবস্থাপনা কাঠামো গড়ে তুলেছে বিআরটিসি। আজকের এই বাস নির্মাণ কার্যক্রম সেই সক্ষমতারই বাস্তব উদাহরণ।
তিনি আরও জানান, দীর্ঘদিন নতুন যানবাহন সংযোজন না হওয়ায় বহরের অধিকাংশ বাস পুরোনো হয়ে গেলেও ব্যবস্থাপনার উন্নয়ন ও প্রযুক্তিনির্ভর মনিটরিংয়ের মাধ্যমে অপারেশন পরিচালনা করা হচ্ছে। বর্তমানে বিআরটিসির কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ থেকে ভেহিক্যাল ট্র্যাকিং সিস্টেম (ভিটিএস)-এর মাধ্যমে সারা দেশের বাস ও ট্রাক রিয়েল টাইমে পর্যবেক্ষণ করা হচ্ছে। চলতি বছরের মধ্যেই কোরিয়া থেকে ৩৪০টি অত্যাধুনিক বাস আমদানির প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলেও জানান তিনি। পাশাপাশি ভবিষ্যতে নতুন ট্রাক ও কোস্টার বাস যুক্ত করার পরিকল্পনার কথাও উল্লেখ করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, সংস্থা প্রধান ও প্রতিনিধিবৃন্দ, বিআরটিসির পরিচালক (অর্থ ও হিসাব) ড. অনুপম সাহা, পরিচালক (প্রশাসন ও অপারেশন) মো. রাহেনুল ইসলাম, পরিচালক (কারিগরি ও প্রশিক্ষণ) কর্নেল কাজী আইয়ুব আলীসহ করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন