দেশের সার্বভৌমত্ব, স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় আগামী ১২ ফেব্রুয়ারি চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনে ধানের শীষে ভোট দিয়ে বিএনপির প্রার্থীকে বিজয়ী করার আহ্বান জানিয়েছেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মফিজুর রহমান আশিক।
রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেলে বাঁশখালীর ছনুয়া বাজারে ধানের শীষের সমর্থনে অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এর আগে তিনি উপজেলার বৈলছড়ির কে.বি. বাজার, পৌরসভার মিয়ার বাজার-জলদি, পুঁইছড়ির নাপোড়া-প্রেমবাজারে ধানের শীষের সমর্থনে পথসভা করেন।
পথসভায় তিনি বলেন, ‘আগামী নির্বাচনের উপর দেশের ভবিষ্যত নির্ভর করছে। দেশের উন্নয়ন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিএনপিকেই প্রয়োজন। বিএনপি ছাড়া অন্য কোনো দল দেশের উন্নয়ন করতে পারবে না। তাই সবাই দলমত নির্বিশেষে দেশের স্বার্থে আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে বিএনপির প্রার্থী মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পাকে বিজয়ী করবেন।’
আশিক আরও বলেন, ‘এই আসনে আমি নিজেও মনোনয়নপ্রার্থী ছিলাম। মনোনয়ন বঞ্চিত হওয়ার পর বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ ও দলের প্রতি ভালোবাসা দেখিয়ে আমি বিদ্রোহী প্রার্থী হয়নি। অনেকে দলের নির্দেশনা অমান্য করে বিদ্রোহী প্রার্থী হয়েছেন, তবে আমি সেটা করিনি। কারণ ধানের শীষ হলো শহিদ জিয়াউর রহমানের প্রতীক এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতীক। তাই ধানের শীষের বিরুদ্ধে গিয়ে নির্বাচন করার সাহস আমার হয়নি। আমরা সকল ভেদাভেদ ভুলে ধানের শীষের বিজয়ের জন্য কাজ করে যাচ্ছি। আসন্ন নির্বাচন খুব প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। তাই ধানের শীষের প্রার্থীকে অগ্নিপরীক্ষার মধ্য দিয়ে যেতে হচ্ছে।’
তিনি বলেন, ‘বিএনপির নেতাকর্মীরা দীর্ঘ ১৭ বছর ধরে জেল-জুলুম ও গুমের শিকার হওয়ার পরও দমে যায়নি। এত নির্যাতনের পরও কোনো নেতাকর্মী দলীয় পরিচয় গোপন করেনি বা মাথা নত করেনি। গুপ্ত রাজনীতি করেনি। আজ যারা বিএনপির বিরুদ্ধে নির্বাচন করছেন, তারা পূর্বে স্বৈরাচার বাহিনীর সহযোগী ছিলেন। এখন তারা প্রকাশ্যে আসতে শুরু করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকসহ বিভিন্ন জায়গায় বট বাহিনীরা বিএনপি প্রার্থীদের নিয়ে আক্রমণ ও মিথ্যাচার করছে, গুজব ছড়াচ্ছে এবং নারীদের প্রকাশ্যে বেইশ্যা বলেছেন। এই বট বাহিনী দেশে নব্য স্বৈরাচারের ভূমিকা পালন করছে।’
মফিজুর রহমান আশিক বলেন, ‘বিএনপির চেয়ারম্যান তারেক রহমান দেশের অবহেলিত জনগোষ্ঠীর জন্য ফ্যামিলি কার্ড দিচ্ছেন, কৃষকদের জন্য কৃষি কার্ড, কর্মজীবী নারীদের জন্য সুরক্ষা এবং ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী ভাতা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। শিক্ষার্থীদের ফ্রি খাবার ও স্কুল ড্রেস দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। এসব প্রতিশ্রুতি রক্ষা ও বাস্তবায়ন একমাত্র তাঁর পক্ষেই সম্ভব। বিএনপি ক্ষমতায় এলে দেশের অভূতপূর্ব উন্নয়ন হবে। দেশের প্রতিটি অঞ্চলের মানুষ সরাসরি রাষ্ট্রের সেবা পাবেন। দারিদ্র্য দূর হবে এবং সাধারণ মানুষ চাকরি পাবেন। এই দেশ স্বনির্ভর দেশ হিসেবে গড়ে উঠবে।’
তিনি আরও বলেন, ‘মেজর জিয়া ও বেগম খালেদা জিয়া যেমন এদেশকে ভালোবাসতেন, তেমনি বিএনপির প্রতিটি নেতাকর্মীও এদেশকে ভালোবাসেন। তাই এ দেশের সার্বভৌমত্ব, স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় ধানের শীষে ভোট দিন। ধানের শীষে ভোট দিয়ে বাঁশখালীতে ধানের শীষের প্রার্থী মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পাকে বিজয়ী করুন।’
এ সময় ছনুয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি বোরহান উদ্দীন চৌধুরী মিজান, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সদস্য আবুল কালাম আজাদ, উপজেলা যুবদল নেতা জুনাইদুল করিম, চবি ছাত্রদলের যুগ্ম সম্পাদক ইমরানুল হক, আশেক উল্লাহসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

-20260208172729.webp)

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন