চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ফিরোজের বাড়িতে অভিযান চালিয়ে একটি দেশীয় অস্ত্র, দুই রাউন্ড কার্তুজ ও দুইটি হাতবোমা উদ্ধার করেছে বাংলাদেশ সেনাবাহিনী। এ সময় ফিরোজের দুই ভাইকে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার (৮ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কাঞ্চনা ইউনিয়নের মনুফকির হাট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তাররা হলেন— মো. মফিজুর রহমান (৩৫) ও মো. জুবায়ের করিম (২৮)।
সেনাবাহিনী সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সাতকানিয়া আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন এস. এম. সাকিবুজ্জামান শামীম পারভেজের নেতৃত্বে সেনাবাহিনীর একটি দল মোহাম্মদ ফিরোজের বাড়িতে অভিযান চালায়। অভিযানের সময় বাড়ির ছাদের এক কোনায় রাখা একটি বস্তা থেকে একটি দেশীয় তৈরি অস্ত্র, দুই রাউন্ড কার্তুজ ও দুইটি হাতবোমা উদ্ধার করা হয়।
সাতকানিয়া আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন এস. এম. সাকিবুজ্জামান শামীম পারভেজ বিষয়টি নিশ্চিত করে জানান, উদ্ধার করা অস্ত্র ও বোমাসহ গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য সাতকানিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
তিনি আরও জানান, মোহাম্মদ ফিরোজকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন