ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে চাঁদপুরের মেঘনা উপকূলীয় এলাকার ২২টি ভোটকেন্দ্রে ২০০ জন কোস্টগার্ড সদস্য মোতায়েন করা হয়েছে। কেন্দ্রগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে কোস্টগার্ড সদস্যরা সর্বোচ্চ সক্ষমতা নিয়ে দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছেন কোস্টগার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মো. জিয়াউল হক।
সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মোহনপুর ইউনিয়নের বাহাদুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে কোস্টগার্ড, নৌ পুলিশ ও থানা পুলিশের সমন্বয়ে আয়োজিত একটি যৌথ নির্বাচনি মহড়া পরিদর্শন করেন তিনি।
পরে মোহনপুর আলী আহম্মদ মিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনের প্রস্তুতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন কোস্টগার্ড ডিজি।
এ সময় নৌ পুলিশ চাঁদপুর অঞ্চলের পুলিশ সুপার সৈয়দ মুশফিকুর রহমান, মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা কুলসুম মনি এবং কোস্টগার্ডের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



