ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে সীমান্ত দিয়ে অবৈধভাবে অস্ত্র, গোলাবারুদ ও চোরাচালান রোধে বিজিবি মহাপরিচালকের নির্দেশনায় সীমান্ত এলাকায় গোয়েন্দা তৎপরতা ও টহল কার্যক্রম জোরদার করেছে।
এর ধারাবাহিকতায় চাঁপাইনবাবগঞ্জের ৫৩ বিজিবির অধীনে মাসুদপুর বিওপির টহলদলের অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধারের বিষয়টি নিয়ে মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় একটি প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।
৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোস্তাফিজুর রহমান বলেন, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মঙ্গলবার ভোর ৫:৩০টায় মাসুদপুর বিওপির একটি টহলদল শিবগঞ্জ থানাধীন মনাকষা ইউনিয়নের ঠুঠাপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় ২টি পিস্তল, ৪টি ম্যাগাজিন এবং ৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, সম্প্রতি সারা দেশে বর্ডার গার্ড বাংলাদেশ ৩৪টি পিস্তল, ২টি রাইফেল, ৩৮টি ম্যাগাজিন, ৬৪৫ রাউন্ড গুলি, ২টি মর্টার শেল, ১টি ককটেল, ৪টি হ্যান্ড গ্রেনেড, ২০ কেজি গানপাউডার এবং ৫৪টি অন্যান্য অস্ত্র জব্দ করেছে।
এরই মধ্যে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) ১ জন আসামিসহ ৯.৩ কেজি বিস্ফোরক, ৬টি বিদেশি পিস্তল, ১৩টি ম্যাগাজিন এবং ২৯ রাউন্ড গুলি জব্দ করেছে।
লে. কর্নেল মোস্তাফিজুর রহমান বলেন, নির্বাচনের সময় দুষ্কৃতকারীরা যেন দেশের অভ্যন্তরে বড় ধরনের নাশকতা চালাতে না পারে, সে লক্ষ্যে সীমান্ত দিয়ে অবৈধ অস্ত্র ও গোলাবারুদ চোরাচালান রোধে বিজিবি সর্বদা সতর্ক ও তৎপর রয়েছে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন