এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে মৌলভীবাজার জেলা প্রশাসকের হলরুমে এ সভা আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পুলিশ সুপার বিল্লাল হোসেন অতিরিক্ত জেলা প্রশাসক তানভীর আহমেদ ও জেলা নির্বাচন অফিসার গোলাম মোস্তফা। এ সময় সেনাবাহিনীসহ প্রশাসনের সকল কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
সভায় নির্বাচনকালীন আইনশৃঙ্খলা, ভোটার উপস্থিতি বৃদ্ধি, গুজব প্রতিরোধ ও তথ্যভিত্তিক সংবাদ প্রকাশের ওপর গুরুত্বারোপ করা হয়।
রিটার্নিং অফিসার বলেন, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্বাচন ও গণভোট চলাকালে বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সংবাদ পরিবেশনের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়াকে আরও শক্তিশালী করতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন তারা।
এ সময় জেলার বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন