সিলেট-৫ (কানাইঘাট–জকিগঞ্জ) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন খেলাফত মজলিস মনোনীত প্রার্থী মুফতি আবুল হাসান। ফল ঘোষণার পরপরই তিনি প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের বাড়িতে গিয়ে সৌজন্য সাক্ষাৎ করে এলাকায় ভিন্নধর্মী রাজনৈতিক সংস্কৃতির দৃষ্টান্ত স্থাপন করেছেন।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাতে নবনির্বাচিত এই সংসদ সদস্য একই আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুকের কানাইঘাট উপজেলার আকুনিস্থ বাসভবনে যান। সেখানে তিনি দোয়া নেন। পরে পরস্পরের মধ্যে মিষ্টিমুখ ও শুভেচ্ছা বিনিময় হয়। এ সময় দুই নেতা নির্বাচনের শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখায় সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানান।
একই রাতে স্বতন্ত্র প্রার্থী মামুনুর রশীদ চাকসু মামুনের বাসভবনেও সৌজন্য সাক্ষাৎ করেন মুফতি আবুল হাসান। সেখানেও মিষ্টিমুখ ও শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মতবিনিময় হয়।
স্থানীয় রাজনৈতিক মহল বলছে, প্রতিদ্বন্দ্বিতা শেষে পারস্পরিক সম্মান ও সৌজন্য প্রদর্শন গণতান্ত্রিক চর্চার ইতিবাচক দৃষ্টান্ত। নির্বাচন-পরবর্তী এমন আচরণ এলাকায় সহনশীল রাজনৈতিক সংস্কৃতি গড়ে তুলতে সহায়ক হবে বলে মনে করছেন সচেতন মহল।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন