মুন্সিগঞ্জে নির্বাচন পরবর্তী সহিংসতায় নিহত জসিম নায়েবের (৩০) হত্যার সুষ্ঠু বিচার ও দোষীদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন ও বিক্ষোভের আয়োজন করা হয়।
মানববন্ধন ও বিক্ষোভে চর আব্দুল্লা গ্রামের সর্বস্তরের সাধারণ মানুষ অংশ নেন। অংশগ্রহণকারীরা জসিম হত্যার দ্রুত বিচার দাবি করেন এবং হত্যাকারীদের গ্রেপ্তারের আহ্বান জানান।
এসময় বক্তারা বলেন, জসিম নায়েবকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এই হত্যাকাণ্ডের নিরপেক্ষ ও দ্রুত তদন্ত করে প্রকৃত দোষীদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
নিহত জসিমের স্ত্রী রাত্রী আক্তার বলেন, আমার স্বামী আগে আওয়ামী লীগে ছিল। এখন আমরা ধানের শীষে ভোট দিয়েছি। ওরা পুরনো বিষয় নিয়ে আমার স্বামীকে হত্যা করেছে। আমি এর বিচারের দাবিদার।
মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা স্বল্প সময়ের জন্য বিক্ষোভ প্রদর্শন করেন এবং জসিম হত্যার বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।
মুন্সীগঞ্জ সদর থানার তদন্ত কর্মকর্তা সজিব দে জানান, জসিম হত্যার ঘটনা মামলার প্রক্রিয়াধীন। এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি। আটকের চেষ্টা চলছে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন