কুয়াকাটা পর্যটনকেন্দ্রে ‘তানিসা আচার ঘর’ নামের একটি দোকানে হামলা, ভাঙচুর ও নগদ টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনায় অভিযুক্ত স্বেচ্ছাসেবক দল নেতা মাকসুদ আকনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দিবাগত রাতে মহিপুর থানা পুলিশ তাকে নিজ এলাকা থেকে আটক করে। বিষয়টি নিশ্চিত করেছেন মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহব্বত খান।
এদিকে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল পটুয়াখালী জেলা শাখার দপ্তর সম্পাদক আতিকুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অভিযুক্ত মাকসুদ আকনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। তিনি কুয়াকাটা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন।
দোকানটির মালিক মনিরুল হাওলাদার বৃহস্পতিবার সকালে মহিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে মাকসুদ আকন (৩০), মো. শাহীন মুসল্লী (২৮), আবদুর রহিম (৩০)সহ কয়েকজনের নাম উল্লেখ করা হয়েছে।
অভিযোগে বলা হয়, সকাল সাড়ে ১০টার দিকে অভিযুক্তরা দোকানের কর্মচারী হাসানকে দোকান থেকে নামতে হুমকি দেন। একপর্যায়ে তাকে মারধর করা হয়। পরে দোকানে ভাঙচুর চালিয়ে মালামাল তছনছ করা হয় এবং ক্যাশবক্স থেকে নগদ ২২ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয়।
ঘটনার পর ব্যবসাপ্রতিষ্ঠানের মালিক জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। তবে ততক্ষণে অভিযুক্তরা পালিয়ে যান।
স্থানীয় সূত্র জানায়, জিরো পয়েন্ট এলাকায় অবস্থিত দোকানটির মালিকানা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। ওই বিরোধের জের ধরেই হামলার ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন