ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

নবীগঞ্জে নিখোঁজের চার দিন পর বৃদ্ধর ঝুলন্ত লাশ উদ্ধার

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ২১, ২০২৬, ০৭:৩৮ এএম

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় বাড়ির পাশের একটি জঙ্গল থেকে মোশাহিদ মিয়া (৬০) নামে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মোশাহিদ মিয়া উপজেলার৭ নম্বর করগাঁও ইউনিয়নের করগাঁও গ্রামের বাসিন্দা এবং মৃত শেখ মোহাম্মদ কতির উল্লাহর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেল আনুমানিক চারটার দিকে বাড়ির পাশের একটি জঙ্গলে গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ দেখতে পান স্থানীয় বাসিন্দারা। পরে খবর পেয়ে নবীগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

পরিবার সূত্রে জানা গেছে, মোশাহিদ মিয়া গত ১৬ ফেব্রুয়ারি থেকে নিখোঁজ ছিলেন। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কারও বিরুদ্ধে কোনো অভিযোগ নেই বলে জানিয়েছে পুলিশ।

নবীগঞ্জ থানা পুলিশ জানায়, মরদেহটি ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় অপমৃত্যুর মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত তদন্ত কর্মকর্তা (ওসি) দুলাল মিত্র বলেন, ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।