ঝিনাইদহের ছয়টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪৮তম বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারে সুপারিশপ্রাপ্ত ৩৯ জন চিকিৎসকের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকালে ঝিনাইদহ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়।
ওরিয়েন্টেশনে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. আব্দুল্লাহ আল মাসউদ।
এ সময় উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. মো. কামরুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ সাইফুর রহমান এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. কামরুজ্জামান।
সিভিল সার্জন ডা. মো. কামরুজ্জামান তার বক্তব্যে চিকিৎসকদের ঝিনাইদহ জেলায় স্বাগত জানান এবং অভিভাবক হিসেবে তাদের সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
জেলা প্রশাসক মো. আব্দুল্লাহ আল মাসউদ চিকিৎসকদের উদ্দেশে বলেন, ‘চিকিৎসা একটি মহান পেশা। রোগীর সঙ্গে সহানুভূতিশীল আচরণের মাধ্যমে সর্বোত্তম চিকিৎসাসেবা প্রদান করে স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে।’ তিনি সর্বাবস্থায় স্বাস্থ্য বিভাগের পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
অনুষ্ঠানে জেলা প্রশাসনের পক্ষ থেকে চিকিৎসকদের ফুলেল শুভেচ্ছা ও উপহারসামগ্রী প্রদান করা হয়। যোগদানকারী চিকিৎসকরা ঝিনাইদহ জেলার জনগণকে সর্বোচ্চ সেবা প্রদান করবেন মর্মে প্রতিশ্রুতি দেন।



সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন