চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কের পটিয়া মুন্সেফ বাজার এলাকায় নির্মাণাধীন একটি ভবন হেলে পড়ায় এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ভবনটি যেকোনো সময় ধসে পড়তে পারে এমন আশঙ্কা করছেন স্থানীয়রা।
বুধবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে এসে ভবনটি পরিদর্শন করে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করে এবং সতর্কতামূলক ব্যানার টানিয়ে দেয়। সাধারণ মানুষকে ভবনের আশপাশে অবস্থান না করার জন্য নির্দেশনা দেওয়া হয়।
পটিয়া ফায়ার সার্ভিসের উপসহকারী অতীশ চাকমা জানান, নির্মাণাধীন ভবনটি বর্তমানে অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। কাঠামোগত দুর্বলতার কারণে এটি ধসে পড়ার আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তাই দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার সুপারিশ করা হয়েছে।
স্থানীয়রা জানান, তারা খুব আতঙ্কের মধ্যে রয়েছেন। ভবনটি নিয়ে দুশ্চিন্তায় আছেন তারা। বিশেষ করে আশপাশের বসতবাড়ি ও পথচারীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বেড়েছে।
ভবনটির পাশের এমএস টাওয়ারের মালিক সাইফুল ইসলাম রুবেল জানান, নির্মাণাধীন ভবনটি তার ভবনের ওপর হেলে পড়ায় ভাড়াটিয়ারা ইতোমধ্যে ভবন ছেড়ে দিয়েছেন। এতে তিনি আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন