কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসাসূচক পোস্ট দেওয়াকে কেন্দ্র করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রদলের যোগাযোগবিষয়ক সম্পাদক শাহরিয়ার উদ্দিন ফাহাদকে বহিষ্কার করা হয়েছে।
শনিবার সন্ধ্যায় কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলমের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ছাত্রদলের ভেরিফায়েড ফেসবুক পেজে বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত অনুযায়ী সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যোগাযোগবিষয়ক সম্পাদক শাহরিয়ার উদ্দিন ফাহাদকে তার সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
শাহরিয়ার উদ্দিন ফাহাদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের চতুর্থ বর্ষের শিক্ষার্থী। তিনি সর্বশেষ চাকসু নির্বাচনে সহ-দপ্তর সম্পাদক পদে প্রার্থী হয়েছিলেন।
বহিষ্কারের প্রতিক্রিয়ায় নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে ফাহাদ লেখেন, যদিও বোঝাতে চেয়েছিলাম, ভিন্ন আদর্শ থেকে দেবিদ্বারের রাজপথে মুখোমুখি দেখা হবে ইনশাআল্লাহ। সেখানে কোনো ধরনের শোকজ নোটিশ না দিয়ে বহিষ্কার আদেশ দেখে লিটারেলি হাসি পাচ্ছে।
এর আগে গত ১৩ ফেব্রুয়ারি দেওয়া এক ফেসবুক পোস্টে তিনি লেখেন, দল-মত যাই হোক, এটা অস্বীকার করার সুযোগ নেই যে দেবিদ্বারের ছেলেরা এখন হাসনাত হতে চায়।
গত ১৭ বছরে আওয়ামী লীগ ক্ষমতায় থেকেও ছোট আলমপুর চৌমুহনীতে কোনো অফিস করতে পারেনি। কিন্তু গত ৭ তারিখ এলাকায় ঢুকে চৌমুহনীতে শাপলা কলির অফিস দেখে নিশ্চিত হয়েছি, দেবিদ্বারে হাসনাতের যুগ শুরু হয়েছে। দেখা হবে রাজপথে, ইনশাআল্লাহ।
উক্ত পোস্টকে কেন্দ্র করেই তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন