নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার বিভিন্ন শিল্প কারখানায় স্থানীয় শিক্ষিত যুবকদের অগ্রাধিকার ভিত্তিতে নিয়োগ ও ব্যবসায়িক সুযোগ নিশ্চিত করার দাবিতে সংবাদ সম্মেলন করেছে রূপগঞ্জ গ্র্যাজুয়েট এসোসিয়েশন।
রোববার (১ মার্চ) বিকেলে ভুলতা এলাকায় আয়োজিত এই সংবাদ সম্মেলনে সংগঠনের নেতারা জানান, শিল্পাঞ্চল হিসেবে রূপগঞ্জের ব্যাপক সম্প্রসারণ হলেও স্থানীয় গ্র্যাজুয়েটদের বড় অংশ এখনও বেকার রয়েছেন। অথচ কারখানাগুলোতে বাইরের লোকজন নিয়োগ পাচ্ছেন।
নেতৃবৃন্দ অভিযোগ করেন, স্থানীয়দের দক্ষতা ও যোগ্যতা থাকা সত্ত্বেও নিয়োগ প্রক্রিয়ায় তারা উপেক্ষিত হচ্ছেন। ফলে শিল্পায়নের সুফল এলাকার সাধারণ মানুষ পাচ্ছেন না।
তারা শিল্প প্রতিষ্ঠানগুলোতে স্থানীয়দের জন্য কোটা নির্ধারণ, সাব-কন্ট্রাক্ট ও সরবরাহ কাজে স্থানীয় উদ্যোক্তাদের অংশগ্রহণ নিশ্চিত করা এবং শিক্ষিত বেকারদের একটি তালিকা প্রণয়নের দাবি জানান।
সংগঠনের সভাপতি ইউসুফ চৌধুরী বলেন, আমরা শিল্পায়নের বিরোধী নই। তবে এলাকার কারখানায় স্থানীয় শিক্ষিত ছেলে-মেয়েরা কাজ না পেলে সেই উন্নয়ন অর্থবহ হয় না।
তিনি শিল্প মালিক ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দ্রুত কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- সংগঠনের কো-অর্ডিনেটর কাজী অমিত হাসান, আবু কাওছার মিঠু, রিদয় হাসান, ব্যারিস্টার মিলন প্রান্ত, আবুবকর সাংগঠনিক সম্পাদক তারিকুল ইসলাম, গুলজার হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সংগঠন নেতারা সতর্ক করে জানান, দাবি বাস্তবায়নে সংশ্লিষ্ট মহল দ্রুত পদক্ষেপ না নিলে তারা শান্তিপূর্ণ কর্মসূচি পালনের পথ অনুসরণ করবেন।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন