যশোর শহরের শংকরপুর এলাকার আরআর মেডিকেলের মালিক জাহাঙ্গীর আলম শাহীন (৪৫) অপহরণের শিকার হয়েছেন। তিনি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার সাতগাছি গ্রামের সন্তান। তার পিতার নাম মরহুম লুৎফর রহমান মাস্টার।
পারিবারিক সূত্রে জানা যায়, গতকাল রাত ১০টার দিকে মোটরসাইকেলযোগে তিনি ধর্মতলায় অবস্থিত নিজ বাসার উদ্দেশে রওনা দেন। পথে শংকরপুর পশু হাসপাতালের সামনে থেকে দুর্বৃত্তরা তাকে মোটরসাইকেলসহ অপহরণ করে।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, অপহরণকারীরা একটি সাদা রঙের মাইক্রোবাস ব্যবহার করে ঘটনাস্থল ত্যাগ করে।
এ ঘটনায় তার স্ত্রী রেশমা খাতুন যশোর কোতোয়ালি মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, ০১৭১৮৮৮০২৬ নম্বর থেকে তাদের ব্যবহৃত নম্বরে ফোন করে এক কোটি টাকা মুক্তিপণ দাবি করা হয়েছে।
ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অপহৃতকে উদ্ধারে অভিযান শুরু করেছে বলে জানা গেছে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন