কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলায় দুধকুমার নদের তীরে একটি গাছ থেকে ষাটোর্ধ্ব এক অজ্ঞাত বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (৪ মার্চ) সকাল ৮টার দিকে উপজেলার আন্ধারীঝাড় ইউনিয়নের চরধাউরার কুটি হাজীপাড়া এলাকায় ঘটনাটি ঘটে। মৃত ব্যক্তির পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ। সিআইডি বিভাগ বিষয়টি নিয়ে কাজ করছে।
স্থানীয়রা জানান, সকালে দুধকুমার নদের তীরের একটি গাছে ওই ব্যক্তির মরদেহ দেখতে পান এলাকার লোকজন। খবর ছড়িয়ে পড়লে আশপাশ ও দূর-দূরান্তের লোকজন মরদেহ দেখতে ভিড় জমায়। পরে এলাকাবাসী পুলিশকে খবর দিলে সকাল ৯টার দিকে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা বলছেন, মৃত ব্যক্তি ওই এলাকার নন। স্থানীয় হলে কেউ তাকে চিনতেন। তিনি দূরের লোক হতে পারেন। হয়তো তাকে হত্যা করে গাছে ঝুলিয়ে রাখা হয়েছে।
ভুরুঙ্গামারী থানার ওসি আজম উদ্দিন বলেন, ‘হত্যা নাকি আত্মহত্যা তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। মরদেহের ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর কারণ জানা যাবে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি চলছে।’



সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন