ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

নবীনগরে মধ্যরাতে ডাকাতি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ৫, ২০২৬, ০৩:০৬ পিএম
প্রতীকী ছবি।

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শ্যামগ্রামে মধ্যরাতে এক বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে।

এ সময় ঘরের লোকজনকে বেঁধে রেখে নগদ টাকা, স্বর্ণালংকারসহ বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায় ডাকাতরা। এতে প্রায় ১৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন বাড়ির মালিক।

বুধবার (৪ মার্চ) মধ্যরাতে উপজেলার শ্যামগ্রাম কাঠালবাগান সংলগ্ন কুদ্দুস মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে।

বাড়ির মালিক কুদ্দুস মিয়া জানান, গভীর রাতে ১০ থেকে ১২ জনের একটি ডাকাত দল ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে পড়েন। পরে তারা ঘরের লোকজনের হাত-পা বেঁধে ফেলেন। এ সময় নগদ টাকা, পাঁচ ভরি স্বর্ণালংকার ও দুটি গরুসহ ঘরের বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায়। এতে প্রায় ১৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন।

স্থানীয় ওয়ার্ড সদস্য রঞ্জন দেবনাথ বলেন, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ডাকাতির ঘটনায় পরিবারটি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান তিনি।

নবীনগর থানার ওসি মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, ডাকাতির খবর পেয়ে পুলিশ ঘটনাটি খতিয়ে দেখছে। জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারে অভিযান চলছে।