বিশ্ব নারী দিবস উপলক্ষে বরগুনার পাথরঘাটায় উপকূলীয় নারীদের জীবনসংগ্রাম ও সম্ভাবনা নিয়ে এক গোলটেবিল আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৮ মার্চ) সকালে পাথরঘাটা হাসপাতাল সড়কের সংগ্রাম মিলনায়তনে এ আয়োজন করে সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন তারুণ্যের বাংলাদেশ যুব সংস্থা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপকূল অনুসন্ধানী সাংবাদিক ও গবেষক শফিকুল ইসলাম খোকন। সংগঠনের শিক্ষা, ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক জান্নাতী জুঁই আলোচনাটি সঞ্চালনা করেন। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি শোয়েব তাসিন।
গোলটেবিল আলোচনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সমাজকর্মী মাইনুল ইসলাম রেজা, সাংবাদিক সোহেল মল্লিক এবং নারী উদ্যোক্তা হালিমা আক্তার।
এছাড়া আলোচনায় অংশ নেন নারী উদ্যোক্তা সাদিয়া ইসলাম, নারী উন্নয়নকর্মী সংগীতা, নারী স্বেচ্ছাসেবক খাদিজা আক্তার, তরুণ সমাজকর্মী মুনিম চৌধুরী মুন্না, তরুণ অ্যাকটিভিস্ট ফেরদৌস আহমেদ মিঠুসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।
আলোচনায় বক্তারা উপকূলীয় অঞ্চলের নারীদের জীবনসংগ্রামের বিভিন্ন দিক তুলে ধরেন। তারা বলেন, উপকূলীয় নারীরা এখনও বাল্যবিবাহ, আর্থিক সংকট, যৌতুকপ্রথা, মানসিক চাপ এবং সামাজিক নিরাপত্তাহীনতার মতো নানা সমস্যার মুখোমুখি হচ্ছেন। এসব সমস্যার সমাধানে সচেতনতা বৃদ্ধি, শিক্ষা বিস্তার, নারীদের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি এবং সামাজিক নিরাপত্তা জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।
বক্তারা আরও বলেন, সঠিক সুযোগ ও সহায়তা পেলে উপকূলীয় নারীরা সমাজ ও অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। তাই নারীদের ক্ষমতায়ন এবং তাদের সম্ভাবনা বিকাশে সরকার, স্থানীয় প্রশাসন ও সামাজিক সংগঠনগুলোর সমন্বিত উদ্যোগ প্রয়োজন।



সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন